| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনির ৩ নম্বর বালুর মাঠ তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে আনুমানিক ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালার ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এদিকে, ১৫ জুন সকাল ৮টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাগলাবাড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে মো. আব্বাছ (৪২) ও মো. শাহ আলম (৪৪)-কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে মো. শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মাদক মামলা, আরমানের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।