| ছবি: নিজস্ব প্রতিবেদক
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। আয়োজক দেশ মেক্সিকো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এবারের আসরে মোট ৪৮টি দল অংশ নেবে এবং অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তিনটি দেশের ১৬টি ভেন্যুতে প্রায় ৩৯ দিনব্যাপী চলবে এই মহাযজ্ঞ। আগামী ১৯ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে এই আসরের দিকে, যেখানে নতুন চ্যাম্পিয়নের খোঁজে লড়বে বিশ্বের সেরা দলগুলো। ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আধুনিক প্রযুক্তি, বৃহৎ আয়োজন এবং নতুন ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় ও আকর্ষণীয় আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।