নিহত আবুল কালামের লাশ বাহী এম্বুলেন্স। | ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জে পৌঁছেছে নিহত আবুল কালামের মরদেহ স্টাফ রিপোর্টার | বাংলাদেশ দিগন্ত | রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৌঁছেছে। রোববার (২৬ অক্টোবর) রাতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তা সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় নিয়ে আসা হয়। এখানে গোসল ও জানাজা সম্পন্ন শেষে মরদেহটি নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে নেওয়া হবে। নিহত আবুল কালাম দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে বলে জানান নিহতের স্ত্রীর বড় ভাই মো. আরিফ হোসেন। এর আগে রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।