| ছবি: নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এম সার্কেস ও চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. মনির হোসেন (৪৮), মো. বজলু (৪৫), মো. আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬) এবং মো. সোহেল সরকার (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ২টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১টি এবং মতলব উত্তর থানায় ১টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধ এবং সংশ্লিষ্ট সদস্যদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।