| ছবি: নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল আইজি রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার (৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সভায় আগমনের পর জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল আইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় অ্যাডিশনাল আইজি রেজাউল করিম মল্লিক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় তিনি তাঁর বক্তব্যে জনগণের বন্ধু হিসেবে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন এবং থানায় আগত সেবাপ্রার্থীদের জন্য আরও উন্নত ও গুণগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভা শেষে অ্যাডিশনাল আইজি রেজাউল করিম মল্লিক শিবচর থানা কম্পাউন্ডে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।