| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব সংবাদদাতা, পটিয়া: চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবকে কেন্দ্র করে একটি চক্রের বিরুদ্ধে ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেস ক্লাবের দায়িত্বশীলদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিভিন্ন কৌশলে প্রেস ক্লাবের কার্যক্রমে প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্তরা বহিরাগত কিছু ব্যক্তিকে সম্পৃক্ত করে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপের চেষ্টা করছে। তাদের মধ্যে কয়েকজনের প্রেস ক্লাবের বৈধ সদস্যপদ নেই বলেও দাবি করা হয়েছে। প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টার দিকে বহিরাগত লোকজন নিয়ে প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান বলে জানা গেছে। এ বিষয়ে পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন বলেন, “পটিয়া প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ও সাংবাদিকদের পেশাগত সংগঠন। কিছু ব্যক্তি রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে বহিরাগতদের নিয়ে প্রেস ক্লাবের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। যারা প্রেস ক্লাবের সদস্য নন, তাদের দিয়ে কোনোভাবেই প্রেস ক্লাবের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “প্রেস ক্লাব কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান। এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বহিরাগতদের মাধ্যমে প্রেস ক্লাব দখলের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।” তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রেস ক্লাবের স্বাধীনতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।