কক্সবাজার: কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি মিজানুর রহমান মিজান আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সহযোগীরা প্রকাশ্যে সাংবাদিক মিজানুর রহমান মিজানের ওপর হামলা চালায়। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করার শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় কক্সবাজার ইনসাইডার্স তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।