নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮০ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে ১১ জুন রাত ৮টা ১৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মিস্ত্রিবাগ এলাকার একটি বাড়ি থেকে মো. মিলন গাজী (৩০) ও মো. জামান খান (৪৩)-কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৮০ গ্রাম।
এসময় বাড়ির মালিক মোসা. মিনু বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তার ও পলাতক স্বামী মো. হালিম ওরফে ডিব্বা হালিমের বসতঘরের পেছন থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এছাড়া ঘর তল্লাশি করে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, জর্ডান ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কয়েন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।