প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশব্যাপী আলোচিত তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার সফল তদন্ত, দ্রুত আসামি গ্রেফতার এবং বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তিনটি আলোচিত ঘটনায় বিশেষ অবদান রাখেন। এর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন।

পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় অত্যন্ত স্বল্প সময়ে আসামি গ্রেফতার, ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদন সম্পন্ন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে আদালতকে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন, এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

অপরদিকে, ঈদুল আজহা পরবর্তী সময়ে দৌলতদিয়া ফেরিঘাটে নিয়মিত দায়িত্ব পালনের সময় জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে অন্তত ৫০ জনের প্রাণ রক্ষা করায় মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিনজন নৌ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে চার আসামিকে গ্রেফতার ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিনজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত