নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বিভিন্ন ওয়ার্ডে ১৬টি নতুন ফগার মেশিন বিতরণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রশাসক জানান, বর্তমানে সিটি কর্পোরেশনের মজুদে ৭০টি ফগার মেশিন ও ১৭০টি হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে অতি শিগগিরই অতিরিক্ত ফগার ও হ্যান্ড স্প্রে মেশিন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ নাগরিকসেবা। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ওয়ার্ড সচিব, মশক নিধন সুপারভাইজার ও কর্মীদের উদ্দেশে প্রশাসক নির্দেশনা প্রদান করেন। তিনি নিজ নিজ এলাকায় নিয়মিত তদারকি, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসকরণ এবং মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করতে প্রশাসক একটি বিশেষ প্রণোদনা কর্মসূচিরও ঘোষণা দেন। তিনি জানান, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বনিম্ন বা শূন্য থাকবে, সেই ওয়ার্ডের সচিব, মশক নিধন সুপারভাইজার ও কর্মীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
প্রশাসক আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং জনসচেতনতার মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।