নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ৫ জুন দিবাগত রাত ৩টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মো. আবু ইউসুফ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে মো. মহিন উদ্দিন (৩৮), মো. ইউসুফ ওরফে সোহাগ (২৪) এবং মো. শিহাব শেখ (২০)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত ৩টা ২৫ মিনিটে হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোড এলাকায় অভিযান পরিচালনা করে সাইদুর রহমান আওলাদ (৫২)-কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।